ঈদের সময় একমুখী যাত্রী হওয়ায় ফেরার পথে বাসগুলো যাত্রীশূন্য থাকে, ফলে লোকসান হয়। আর এই লোকসান ঠেকাতে ঈদের আগে ও পরে ৭ দিন করে যাত্রীপ্রতি ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি করেছেন বাস মালিকরা। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ উপলক্ষ্যে আয়োজিত অংশীজন সভায় এ দাবি জানান বাস মালিকরা।মালিক সমিতির অন্য এক নেতা এম এ বাতেন বলেন, ঈদের সময় ঢাকায় ফেরা বাসগুলো একেবারে খালি থাকে। তাই বাড়তি ভাড়া না দিলে বাস চলানো কষ্টকর।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে প্রতিটি টার্মিনালে মালিক, শ্রমিক সবাইকে নির্দেশনা দেওয়া আছে। এজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। কিন্তু প্রকৃত বিষয় হলো, ঈদে একমুখী যাত্রী হয়ে যায়। আমাদের হিসাব হচ্ছে বাসে যদি ৭৫ শতাংশ যাত্রী হয়, সেক্ষেত্রে ১০ শতাংশ লাভ হয়। কিন্তু ফেরার পথে ২৫ শতাংশ যাত্রী হলেও তাতে লস হয়। এ কারণে সব নির্দেশনা দেওয়ার পরও ওই সময়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়ে থাকে।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জানায়, গত ঈদে নন-এসি বাসগুলো ১০-৩০% এবং এসি বাস ৫০-১০০% পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিয়েছিল।
পরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন বলেন, আমরা চেয়েছি ঈদের আগে ৭ দিন ও ঈদের পরে ৭ দিন যাত্রীপ্রতি ২০০ টাকা। স্থায়ী ভাড়া বৃদ্ধির কোনো বিষয় এখানে রাখি নাই। কোনো বাস যদি ঢাকা থেকে যাত্রী বোঝাই করে খুলনা নিয়ে যায়, তবে আসার সময় একজন যাত্রীকেও আনতে পারে না। সেক্ষেত্রে যদি আমাদের এমন লস দিতে হয়, তাহলে একটি বাস ঈদের আগে যাবে এবং ঈদের পরে ছাড়া আসতে পারবে না। যদি এটি কনসিডার করা না হয়।
এমন সময় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহসহ অনেক রুটে ঈদের সময়ও উভয়মুখী যাত্রী হয়। এ বিষয়ে একটি সমীক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভাড়ার বিষয়টি আমরা ঈদের পরে দেখব।